অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ময়েজেস হেনরিকস। জন্মভূমি পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। আগামী আগস্টে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে মাঠে নামবেন তিনি।

পর্তুগালে জন্ম নেওয়া হেনরিকস শৈশবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানেই গড়ে ওঠে তার ক্রিকেট ক্যারিয়ার। পরে অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। তবে ২০২১ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি।

অস্ট্রেলিয়ায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হেনরিকস। ফিনল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান সাব-রিজিওনাল বাছাইপর্ব দিয়ে শুরু হবে পর্তুগালের ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন, আর সেখানেই অভিষেক হতে পারে তার।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সহযোগী সদস্য দেশের প্রতিনিধিত্ব করতে হলে অন্তত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকতে হয়। হেনরিকস সেই শর্ত ইতোমধ্যেই পূরণ করেছেন। ফলে পর্তুগালের হয়ে খেলতে তার আর কোনো বাধা নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ছিলেন অত্যন্ত সফল। বিগ ব্যাশ লিগ (বিবিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন তিনি। ক্যারিয়ারে জিতেছেন ১১টি বড় শিরোপা।

বিগ ব্যাশে দীর্ঘ সময় সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন হেনরিকস। ২০১১-১২ মৌসুমে দলটির প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে অধিনায়ক হিসেবে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে টানা দুইবার সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেন। এছাড়া ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল শিরোপাও জিতেছিলেন এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights