অস্ট্রেলিয়ায় খবর প্রকাশে গুগল-মেটাসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে গুনতে হবে কর
অনলাইন ডেস্ক
স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে অস্ট্রেলিয়ায় অর্জিত ডিজিটাল বিজ্ঞাপন আয়ের ওপর কর দিতে হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামে একটি আইন পাস হয়েছে।
নতুন আইনের উদ্দেশ্য হলো, প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদমাধ্যমের খবর ব্যবহারের বিপরীতে সংবাদ প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য আর্থিক সুবিধা নিশ্চিত করা। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার এবিসি, এসবিএসসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আইন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী কোনো প্রযুক্তি কোম্পানি স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে অস্ট্রেলিয়ায় অর্জিত ডিজিটাল বিজ্ঞাপন আয়ের সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে। সরকার এই অর্থ স্থানীয় সংবাদমাধ্যম ও সাংবাদিকতা খাতে ব্যয়ের জন্য বরাদ্দ করবে।
নতুন ব্যবস্থা মেটা, অ্যালফাবেটের গুগল, টিকটক এবং মাইক্রোসফটের লিংকডইনের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সার্চ সেবা পরিচালনার পাশাপাশি বছরে ২৫ কোটি অস্ট্রেলীয় ডলারের বেশি স্থানীয় বিজ্ঞাপন আয় করে—এমন কোম্পানিগুলো এ আইনের আওতায় পড়বে। এই অর্থের পরিমাণ প্রায় ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
তবে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে কর এড়ানোর সুযোগও রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অন্তত আটটি ভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তি সম্পন্ন করলে সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিকে এই কর দিতে হবে না। চুক্তিগুলোতে সংবাদ তৈরি বা সংবাদমাধ্যমের তৈরি খবর সংশ্লিষ্ট প্রযুক্তি প্ল্যাটফর্মে প্রকাশের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকতে হবে।
বড় সংবাদ প্রকাশকদের সঙ্গে করা চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০ শতাংশ এবং ছোট ও মাঝারি সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ২০০ শতাংশ পর্যন্ত কর রেয়াতের সুবিধা রাখা হয়েছে। তবে কোনো একটি চুক্তির মাধ্যমে একটি প্রযুক্তি কোম্পানির মোট কর দায়ের ২৫ শতাংশের বেশি সমন্বয় করা যাবে না।
অস্ট্রেলিয়া সরকার বলেছে, প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সামনে এখন দুটি পথ খোলা—স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা অথবা নির্ধারিত কর পরিশোধ করা। চুক্তি করতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক বছর শেষ হওয়ার আগেই তা চূড়ান্ত করতে হবে।
সরকারের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার সংবাদ ব্যবসা ও অস্ট্রেলীয় সাংবাদিকতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’
অস্ট্রেলীয় সরকারের যুক্তি, স্থানীয় সংবাদমাধ্যমের তৈরি খবর প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের আকৃষ্ট করে এবং এর ফলে এসব প্ল্যাটফর্মের বিজ্ঞাপন আয় বাড়ে। তাই সংবাদ উৎপাদনে অর্থ ও জনবল বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোরও এর বিপরীতে ন্যায্য পারিশ্রমিক পাওয়া উচিত।
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ জোরদারের ধারাবাহিকতায় নতুন আইনটি পাস হলো। এর আগের দিনই দেশটির পার্লামেন্ট জুয়া ও বাজির বিজ্ঞাপন সীমিত করার একটি আইন পাস করেছিল। সূত্র : রয়টার্স।
