অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত দলে আগের সিরিজের তুলনায় তিনটি পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে সংক্ষিপ্ত সংস্করণের দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া সাইফ হাসানের পরিবর্তে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।
আগামী ১৭ জুন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুন। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
