আইপিএল মাতিয়েও কেন বিশ্বকাপ দলে নেই, মুখ খুললেন ফ্রেজার

অনলাইন ডেস্ক

গত বছরের অক্টোবরে ২৯ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। চলতি ‍আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৬ ম্যাচের তিনটিতে ফিফটি তুলে আবারও নজর কেড়েছেন তিনি। তবে এমন একজন হার্ডহিটার ব্যাটারকে কেন বিশ্বকাপে দলে নিল না অস্ট্রেলিয়া, তা নিয়ে হতবাক ক্রিকেটপ্রেমীরা। মূলত, আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পান ২২ বছর বয়সী এই ব্যাটার। মঙ্গলবার (৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে ফ্রেজারের বক্তব্য তুলে ধরে।

ঘরোয়া ক্রিকেট ও চলমান আইপিএলে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় আসা এই ক্রিকেটার বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে বলেন, ‘বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। আমার কাছে কখনও মনে হয়নি যে আমি এমন কিছু করেছি, যেটা আমাকে বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিবে। আসলে আমি এখনও সেই জায়গায় নিজেকে নিতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে।’
আইপিএলে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি ফ্রেজারের। হুট করেই বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সমস্ত গুণই তার মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights