আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে স্কুলছাত্রকে পিটিয়ে ‘হত্যার’ অভিযোগ, মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে একটি আইফোন চুরির অপবাদ দিয়ে মেহেদি হাসান (১৪) নামে এক শিক্ষার্থীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এ ঘটনায় রামগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ নিয়ে শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় চৌরাস্তা অবরোধ করায় লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ ও রামগঞ্জ-চাটখিল সড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

নিহত মেহেদীর বাবা জিয়া উদ্দিন জিয়া বলেন, এজাহার জমা দিতে আমাদের সময়ক্ষেপণ হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা কিছুক্ষণ আগে এজাহার হাতে পেয়েছি। খুব শিগগিরই মামলা রুজু করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মেহেদি রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে ও ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ‘খ’ শাখার ছাত্র ছিল। সে প্রতিষ্ঠানের আব্দুর রহমান হলে থাকতো। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ছাত্রাবাসে ঝুলন্ত অবস্থায় দেখে মেহেদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একটি আইফোন চুরির অভিযোগ এনে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করে রাতেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেইট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মেহেদির দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights