‘আওয়ামী লীগের নেতারা বিদেশে এসি রুমে বসে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই অর্থে বিদেশে বসে আরাম-আয়েশে থেকে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।’

আজ রবিবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএম জিলানী। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এসএম জিলানী বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। যারা দেশ-বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন, তাদের জানাতে চাই জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে বিএনপির ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তা মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করে প্রতিটি মানুষের জন্মস্থানও এই ভূমিতে। অতএব, শালীনতার সঙ্গেরাজনীতি করবেন ও কথা বলবেন।

জিলানী বলেন, ‘গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি। তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।’

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির এবং কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights