আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির অনন্য উদাহরণ: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হবে।

বৃহস্পতিবার নগরীর নন্দনকাননের রথের পুকুরপাড় এলাকায় কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে রথপরিক্রমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিধান ধর।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নন্দনকাননের ঐতিহাসিক রথের পুকুরপাড় থেকে এখনও ঐতিহ্যবাহী রথপরিক্রমার আয়োজন করা হচ্ছে, যা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। হাজারো ভক্তের উপস্থিতি প্রমাণ করেছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ।

তিনি আরও বলেন, রথের পুকুরপাড় দখল করে কোনো প্রভাবশালী গোষ্ঠীকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এ জায়গা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights