আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তাদের পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। একই সঙ্গে ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের জানালার গ্লাস ভাঙছে। ভবনে আটকে পড়াদের মধ্যে জীবিত পাঁচজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আছে কি না।’

ভেতরে মানুষ আটকে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকে ফোন দিয়ে আমাদের বলেছেন, ভবনের আশপাশে ও বাইরে থেকে অনেক মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বলছেন, ভেতরে অনেক মানুষ আটকে আছে। পরে ৯৯৯ ফোনগুলো আমাদের কাছে ফরওয়ার্ড করছে।’

দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষেরা। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।

এদিকে খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এ ছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফলে গোটা এলাকা অন্ধকারে ডুবে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights