আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের তীব্র সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। প্রতিবছর শীত মৌসুম এলেই এই শহরে দূষণের মাত্রা বেড়ে যায়। তবে এবার শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ঢাকার বাতাসে দূষণের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর বায়ুমানের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ২২২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের আরেক বড় শহর দিল্লিতেও দূষণের মাত্রা উদ্বেগজনক। ১৭৯ স্কোর নিয়ে শহরটি তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।
এ ছাড়া ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পাকিস্তানের করাচিতে তুলনামূলকভাবে দূষণ কিছুটা কম হলেও ১৯৭ স্কোর নিয়ে শহরটি তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। উগান্ডার কামপালা ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের দোহা ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়।
এ ছাড়া একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ হলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
