আজ থেকে খুলে দেওয়া হলো বান্দরবানের পর্যটনকেন্দ্র

বান্দরবান প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হওয়া বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো আজ বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে। তবে জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র আরও চার দিন বন্ধ থাকবে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়া, বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটনকেন্দ্রে পর্যটক ও স্থানীয় জনসাধারণের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হয়নি। ফলে বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে জেলার সকল পর্যটনকেন্দ্র।

এদিকে, রোয়াংছড়ি উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও অতিভারী বৃষ্টি ও পাহাড় ধসে ‘দেবতাখুম’র কিছু কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পর্যটনকেন্দ্র এখনই খুলে দেওয়া যাচ্ছে না।

বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি আগামী ২০ জুলাই পর্যন্ত ‘দেবতাখুম’ পর্যটন কেন্দ্র বন্ধ রাখার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণে ছড়া ও ঝিরির পানি বৃদ্ধি এবং পাহাড় ধসে ‌‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে মেরামতের প্রয়োজন হয়ে পড়ায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ‘দেবতাখুম’ সাময়িক বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights