আটোয়ারীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আটোয়ারী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে ভবন দুটি নির্মাণ করা হবে। এর মধ্যে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা এবং বিএম কলেজের ভবন নির্মাণে ব্যয় হবে ১ কোটি ২৬ লাখ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান মানিক এবং বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
