আদালত থেকে পালিয়ে যাওয়া জিসান হত্যা মামলার আসামি কারাগারে

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি শরিফুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

রাজধানীর খিলগাঁও থানায় জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শরিফুল। বর্তমানে মামলাটি ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। আসামি শরিফুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে।

এর আগে গত ১৯ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালী থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বুধবার তাকে গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights