আদালত ভবনের বাইরে বিস্ফোরণে কাঁপল সিরিয়ার হাসাকাহ, নিহত ২
অনলাইন ডেস্ক
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ শহরে আদালত ভবনের বাইরে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) আদালত ভবনের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। কীভাবে বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে সিরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে একই দিনে সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বেইত জিন ও রেড হিলস এলাকার মধ্যবর্তী স্থানে গোলা দুটি নিক্ষেপ করা হয়।
গোলা দুটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ আগস্ট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ারমুক অববাহিকা এলাকায় একই ধরনের একটি হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেদিন আবিদিন শহরের পশ্চিমে একটি উপত্যকা লক্ষ্য করে গোলাটি ছোড়া হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
