‘আন্তরিকভাবে’ কালো মানিককে গ্রহণ করেছেন খালেদা জিয়া, চেয়েছেন দোয়া

অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহারের ষাড় ‘‘কালোমানিককে’’ নিয়ে ঢাকায় এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা। তবে ষাড়টি সরাসরি গ্রহণ না করলেও, ‘আন্তরিকভাবে’ গ্রহণ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ট্রাকে করে প্রায় ৩৫ মণ ওজনের এই ষাঁড়টি নিয়ে ঢাকায় আসেন বিএনপির কর্মী সোহাগ মৃধা। ষাঁড়টির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া গরুটি গ্রহণ না করে সোহাগকে তা নিজ প্রয়োজনে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তাকে ঈদুল আজহার শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন এবং তার ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে (খালেদা জিয়া) বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন। এটি তার (সোহাগ) কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। ’

সোহাগ মৃধা জানান, ছয় বছর ধরে সন্তানের মতো লালন-পালন করেছেন ‘কালো মানিক’ নামের এই ষাঁড়টিকে। খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ব্যতিক্রমী উপহারের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights