আন্তর্জাতিক পদকজয়ীদের নিয়ে বগুড়ায় বসছে স্কেটিংয়ের আসর
বিশেষ প্রতিনিধি, বগুড়া
আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ঝলক দেখিয়ে এবার নিজ শহরের মাটিতে নৈপুণ্য প্রদর্শনের অপেক্ষায় বগুড়ার খুদে স্কেটাররা। তাদের অংশগ্রহণে বগুড়ায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ব্যতিক্রমী ‘বগুড়া স্কেটিং উৎসব চ্যাম্পিয়নশিপ’।
আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সম্ভাব্য এ আয়োজনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। ইতোমধ্যে উৎসব সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্কেটার ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া রোলার স্কেটিং ক্লাবের ২ নম্বর গ্রাউন্ড, জেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র ও জুনিয়র স্কেটার এবং অভিভাবকরা অংশ নেন।
সভায় স্কেটিং উৎসবের তারিখ নির্ধারণ, প্রতিযোগিতার ইভেন্ট, ভেন্যু, এন্ট্রি ফি, সাজসজ্জা, পরিচালনা কমিটি গঠন এবং প্রতিযোগীদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়।
বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা কোচ আশরাফুল ইসলাম রহিত জানান, বগুড়া রোলার স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী এ স্কেটিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এ উৎসব। প্রাথমিক আলোচনায় ১৫ ও ১৬ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ফেডারেশনের কর্মকর্তা, স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তারিখ ও আয়োজনের অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।
অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে স্কেটিংয়ের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াবে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কার্যক্রমকে এগিয়ে নিতে বগুড়ার এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আতাউজ্জামান, অভিভাবক সদস্য মেহজাবিন রহমান, নাজমুন্নাহার মুন, সালমা জাহিদ, শেখ আব্দুল্লাহ আল ফায়সাল, সুরভী আক্তার, মেহেদী আল হাসান, সারমিন আক্তার মুন, মাহমুদুল সরকার এবং সিনিয়র স্কেটার রনি, আরিফ, রিংকু, পাখি, তুবা ও তন্ময়।
সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত আন্তঃআঞ্চলিক আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়া। এ প্রতিযোগিতায় ক্ষুদে স্কেটাররা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জয় করে। এর আগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও ৭টি পদক অর্জন করে তারা।
এছাড়া ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে আন্তর্জাতিক অঙ্গনে চমক দেখায় বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী। প্রথমবারের অংশগ্রহণেই জোড়া স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করে প্রশংসিত হয় সে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর এবার নিজ শহরে বড় পরিসরে প্রতিভা তুলে ধরার অপেক্ষায় বগুড়ার স্কেটাররা।
