আন্তর্জাতিক ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় দিনে একক ইভেন্টে সাফল্য না পেলেও দ্বৈত বিভাগে আশার আলো দেখিয়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈতে দুটি বাংলাদেশি জুটি প্রি-কোয়ার্টার ফাইনাল পেরিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।

পুরুষ দ্বৈতে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি ভারতের ডেভার্ট মান ও সৌরভ নাইনকে তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় পায়। প্রথম সেটে ১৪-২১ পয়েন্টে হেরে গেলেও পরের দুই সেটে ২১-১৪ ও ২১-১৭ পয়েন্টে ম্যাচ নিজেদের করে নেয় তারা। শুক্রবার কোয়ার্টার ফাইনালে খেলবে এই দুই জুটি।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে জুমার-অহিদুল জুটি এর আগেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা ব্রোঞ্জ পদক জিতে দেশে ফেরে। প্রায় এক বছর ধরে একসঙ্গে খেলা এই জুটি ঘরের মাঠেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিচ্ছে।

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথম সেটে অল্প ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় সেট হারায় জুমার-অহিদুল। তবে তৃতীয় সেটে বড় ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। ম্যাচ চলাকালে অহিদুল ইনজুরিতে পড়লেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেই জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে জুমার জানান, ঘরের মাঠে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই তারা খেলছেন।

দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে উঠে আসা মাসুদ-রবিন জুটিও কোয়ার্টার ফাইনাল নিয়ে আশাবাদী। মালয়েশিয়ার বিপক্ষে জয়ের পর তারা জানান, শেষ আটেও জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নামবেন।

তবে সব ইভেন্টে সাফল্য আসেনি বাংলাদেশের জন্য। পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি ভিয়েতনামের বুই দ্যান ও নুয়েন ডাকের কাছে হেরে যায়। রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটি ভারতের স্বস্তিক মাথারাসান-গোকুলের বিপক্ষে পরাজিত হয়। নারী দ্বৈতে ডালিয়া-মাথিনা এবং রেশমা-বৃষ্টি জুটিও বিদায় নেয়। মিশ্র দ্বৈতে সিফাত উল্লাহ–বৃষ্টি খাতুন জুটির যাত্রাও থামে ভারতের বিপক্ষে।

সব মিলিয়ে দ্বৈত ইভেন্টে বাংলাদেশের দুটি জুটি কোয়ার্টার ফাইনালে উঠে আশার সঞ্চার করলেও বেশ কয়েকটি ইভেন্টে হতাশা নিয়েই তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights