আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

নাইম আবদুল্লাহ

গত ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিডনির একটি ফাংশন সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য আকিদুল ইসলামের সঞ্চালনায় মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

পবিত্র কুরআন থেকে পাঠ করেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব হাসান টুলু এবং গীতা থেকে পাঠ করে শোনান সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডু। সমস্বরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর অতি সম্প্রতি বাংলাদেশ ভ্রমণকালে সংগঠনের সদস্য সাদ্দাম হোসেনের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। হাবিব হাসান টুলু ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ, ১৫ ও ২১ আগষ্টে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। সভাপতির স্বাগত ভাষনের পর সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জিয়াউল কবির জিয়ন হাজি মোঃ দেলোয়ার ও বেলাল ঢালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. মোঃ সিরাজুল হক ও বাংলাদেশ থেকে আগত বাহাউদ্দিন নাছিমের সহধর্মীনি ডাঃ সুলতানা শামীমা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারডিয়া বাংলা স্কুলের অধ্যক্ষ মিসেস মিলি ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রফিকুল ইসলাম, মাতৃভাষা সংরক্ষণ আন্দোলনের প্রতিষ্ঠাতা নির্মল পাল, কমিউনিটির নেতা একেএম ফজলুল হক শফিক, নির্মাল্য তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন প্রমুখ।

প্রধান অতিথি বাহাউদ্দিন নাছিম তার বক্তব্যের শুরুতেই এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জয় বাংলা” কোন দলের স্লোগান নয়। এটা আপামর বাঙালির স্লোগান। আমাদের স্বাধীনতার স্মারক স্লোগান। এই স্লোগানে আমরা বারবার উজ্জীবিত হই। তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার জন্য সবাইকে উদাত্ত্ব আহ্বান জানান। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে তলাবিহীন ঝুঁড়ির দেশ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন তার বিস্তারিত বর্ণনা করেন। তিনি তাঁর আরেকটি স্বপ্ন- স্মার্ট বাংলাদেশ গড়ার কাফেলায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. সিরাজুল হক ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান, একটি সাম্প্রদায়িক দেশকে অসাম্প্রদায়িক মন্ত্রে উদ্বুদ্ধ করে সমস্ত জাতিকে একত্র করে কিভাবে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন তার উপর আলোকপাত করেন।

মতবিনিময় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসানসহ অনেক অতিথি সমকালীন বিষয়াবলী নিয়ে প্রধান অতিথিকে প্রশ্ন করেন। তিনি উদাহরণসহ সবার প্রশ্নের উত্তর দেন এবং বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন।

সবশেষে সভাপতি আব্দুল মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মহতী সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। আগত অতিথিদের সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights