আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থিতা বৈধ

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে ৫২টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন ১৫টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৩টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ ০১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

ইসি সূত্র জানায়, আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং রবিবার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শেষ দিন গতকাল শুক্রবার একদিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসি এসব আপিল গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights