আফগান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক
দুই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। এখন শুধু ওয়ানডেতেই জাতীয় দলে তার দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু আগামী ৬ নভেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল। সিরিজে সাকিব থাকবেন কি না সেটি নিয়েও আজ বুধবার বোর্ড সভায় আলোচনার আগে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।’
এর আগে আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’
এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না বলে জানিয়েছিলেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের।
আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights