আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিল করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তালেবান শাসিত দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, আফগানিস্তানের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা ২০ মে শেষ হবে।

তিনি আরও বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করেছি। যারা অস্থায়ী সুরক্ষা মর্যাদার অধীনে ছিলেন তাদের আর এই সুবিধা প্রয়োজন নেই। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদের আর দেশে ফিরতে বাধা নেই।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকটি দেশের নাগরিকের জন্য টিপিএস সুরক্ষা বৃদ্ধি করেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী কঠোর ব্যবস্থার অংশ হিসেবে হাইতি, ভেনিজুয়েলার মতো কয়েকটি দেশের নাগরিকদের কাছ থেকে টিপিএস সুরক্ষা প্রত্যাহারের পদক্ষেপ নেন।

নোয়েম তার বিবৃতিতে বলেন, টিপিএস সুবিধা বাতিলের আরেকটি কারণ হলো- এই সুবিধা নেওয়া বেশ কয়েকজন জালিয়াতি, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আফগানইভাকের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১১ হাজার আফগান টিপিএস সুবিধার অধীনে আছেন।

আফগানইভাকের প্রেসিডেন্ট শন ভ্যানডাইভার বলেন, টিপিএস বাতিলের সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত নয়। এটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, আফগানিস্তান এখনও তালেবানের অধীনে আছে। সেখানে এখনও হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত আছে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে। সূত্র: এনবিসি নিউজ, দ্য হিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights