আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি তাদের দলীয় কংগ্রেসে কিম জং উনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দেশটির শাসনে তার একচ্ছত্র আধিপত্য এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর গভীর আস্থার বিষয়টি আবারও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, কিম জং উন তার নেতৃত্বে দেশের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার হাত ধরেই দেশটির সামরিক বাহিনী একটি এলিট ও শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত হয়েছে এবং বৈশ্বিক অঙ্গনে পিয়ংইয়ং নিজেদের বিপ্লবী আদর্শ বাস্তবায়নে দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, কিমের শাসনামলে পারমাণবিক শক্তিকে কেন্দ্র করে দেশের যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আমূল উন্নত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কিউংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ লিম ইউল-চুল এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অভিহিত করেছেন। তার মতে, কিমের পুনরায় এই পদাভিষিক্ত হওয়া মূলত এটাই ঘোষণা করে যে, উত্তর কোরিয়া এখন আর কোনো ‘সংকটকালীন ব্যবস্থাপনা’র মধ্যে নেই, বরং দেশটি এখন এক আত্মবিশ্বাসী ও দীর্ঘমেয়াদি স্থিতিশীল শাসনের পর্যায়ে প্রবেশ করেছে।

সম্মেলনের চতুর্থ দিনে ডেলিগেটরা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নির্বাচিত করার পাশাপাশি দলীয় গঠনতন্ত্রেও বেশ কিছু সংশোধনী গ্রহণ করেছেন। যদিও গঠনতন্ত্রের পরিবর্তনের বিস্তারিত এখনো জানানো হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, প্রবীণ কর্মকর্তাদের সরিয়ে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসা হচ্ছে। বিদায়ী তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং এবং সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির চেয়ারম্যান চো রিওং হে-র মতো প্রভাবশালী নেতাদের নাম আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, কিম জং উনের কিশোরী মেয়ে জু আয়ে-কে নিয়ে উত্তরসূরি হওয়ার যে গুঞ্জন চলছিল, সম্মেলনে এখন পর্যন্ত তার কোনো উপস্থিতি দেখা যায়নি।

গত বৃহস্পতিবার ৫ হাজার ডেলিগেটের অংশগ্রহণে শুরু হওয়া এই নবম দলীয় কংগ্রেসের দিকে কড়া নজর রাখছে সিউল। যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের নতুন নীতি বা বৈদেশিক সম্পর্কের পরিবর্তনের ঘোষণা আসেনি, তবে অধিবেশনগুলোতে মূলত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং দলের অধীনে অর্জিত অগ্রগতির চিত্রই তুলে ধরা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights