আবারও শৈত্যপ্রবাহের আভাস

অনলাইন ডেস্ক

শীতের তীব্রতা কমে গেলেও গত দু’দিনে দেশের বেশকিছু অঞ্চলে ঝরেছে বৃষ্টি। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনো ১০ ডিগ্রির ঘরে রয়েছে। এর মধ্যে আবারও শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি বলছে, ফেব্রুয়ারির মাসের প্রথমার্ধে আবারও মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া গেছে। তবে ক্রমান্বয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।

১ ফেব্রুয়ারি দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি।
বিশেষজ্ঞ কমিটির পরিচালক ও চেয়ারম্যান আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জানুয়ারি মাসের আবহাওয়া পর্যবেক্ষণ ও পর্যালোচনা অনুযায়ী বিজ্ঞপ্তিতে দেখা গেছে, এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও গড় তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস কম।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ২ থেকে ৫, ১২ থেকে ১৫, ১৭ থেকে ১৮ ও ২০ থেকে ৩০ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত ২৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights