আবাসিক প্লটে জমির অপব্যবহার, আইনি জালে ধোনি

অনলাইন ডেস্ক
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঝাড়খণ্ড সরকার। সরকারি জমির অপব্যবহার ও লিজের শর্ত লংঘন করেছেন তিনি, এমন অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠাল ঝাড়খণ্ড হাউজিং বোর্ড।

বোর্ডের দাবি, রাঁচিতে বসবাসের জন্য জমি দেওয়া হয়েছিল ধোনিকে। কিন্তু সেখানে বর্তমানে ব্যবসায়িক কাজ চালানো হচ্ছে।

সরকারিভাবে এই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান। তিনি জানান, ওই জমিটি শুধুমাত্র বসবাসের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে এমন শর্ত ছিল। রাঁচির হার্মু রোডে ধোনিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জন্য। কিন্তু ভিন্ন উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি এক তদন্ত করা হয়। সেখানে উঠে এসেছে, ধোনি বর্তমানে রিং রোডের নতুন বাড়িতে থাকছেন। আর হার্মু রোডের ওই জমিতে একটি চিকিৎসাকেন্দ্র বা মেডিকেল সেন্টার গড়ে তোলা হয়েছে। বসতি এলাকায় এই ধরনের ব্যবসায়িক কার্যকলাপ লিজের শর্তের সরাসরি লংঘন।

চেয়ারম্যান আরও স্পষ্ট করে দিয়েছেন যে, যাদের নোটিশ পাঠানো হয়েছে, তাদের জবাব খতিয়ে দেখা হবে। ধোনির উত্তর যুক্তিসঙ্গত না হলে নিয়ম অনুযায়ী ওই জমির মালিকানা বা লিজ বাতিল করা হতে পারে।

উল্লেখ্য, শুধু ধোনিই নন, ঝাড়খণ্ড বিজেপির বিরুদ্ধেও একই ধরণের অভিযোগ তুলেছে হাউজিং বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights