‘আমরা যদি রাসূলের আদর্শ মানি, মুদ্রা পাচার ও লুটপাট হবে না’

অনলাইন ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন, আমরা যদি রাসূলের আদর্শ মানি, মুদ্রা পাচার ও লুটপাট হবে না। একমাত্র রাসূল (সাঃ) যা বলেছেন, তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমরা সবাই বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজেদের (উপদেষ্টাদের) সম্পদের হিসাব দিচ্ছি। ক্যাবিনেটে আমাদের জন্য সম্পদ বিবরণী জমা দেওয়ার ফর্ম তৈরি করা হয়েছে। আমরা হিসাব দিচ্ছি। আমি আশাবাদী, আমরা যেদিন দায়িত্ব থেকে সরে যাব, আমার যে সম্পদ বিবরণী ছিল, তার থেকে এক টাকাও বাড়বে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টার সম্পদ একটুও বাড়বে না।

খালিদ হাসান আরও বলেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানে সতর্ক করে দিতেন, কোনো মহিলা-শিশু যেন মারা না যায়। তিনি ঘোষণা দিতেন, খ্রিস্টান, মন্দির এবং কোনো স্থাপনায় যেন হামলা না হয়। নারীর কোনো মর্যাদা ছিল না, তিনি এসেই ঘোষণা দিয়েছেন, মায়ের পদতলে জান্নাত। তার আদর্শ আমরা লালন ও পালন করব। অনেক ব্যক্তি আছে, যাদের দাড়ি, টুপিসহ সুন্নতি পোশাক রয়েছে। অথচ তারা লুটপাট-দুর্নীতির সঙ্গে জড়িত। এটা আমাদের জন্য এলার্মিং। মোহাম্মদ (সা.) বলে গেছেন হারাম এক ফোটা রক্ত, কিংবা মাংস জান্নাতের প্রবেশ করবে না।

ইসলামী লেবাস পরিধান করলে তা বাস্তবায়নকারী করতে হবে। লেবাস এক রকম আবার কর্মকাণ্ড ভিন্ন রকম, এই বৈপরীত্য আমাদের জন্য ক্ষতিকর।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও সৈয়দ আবদাল আহমেদসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights