‘আমাদের সেই মেধা দরকার যে মেধা যন্ত্র দখল করবে’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, মেধাকে স্বীকৃতি দেওয়া মানে মেধাকে প্রকাশ করার ও মেধাবী গড়ে তোলার অন্যতম প্রয়াস। আমাদের সেই মেধা দরকার, যেই মেধা যন্ত্রকে দখল করবে। এগিয়ে যাওয়ার প্রধান উপাদান গুণগত শিক্ষা। বিশ্ববিদ্যালয়ে প্রথাসিদ্ধ পাঠদানের পাশাপাশি সহশিক্ষার সাথে যুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে বসবে প্রাণের মেলা। আমাদের শিক্ষার্থীদের সুপার স্কিলে মনোযোগী হতে হবে। ডিজিটালে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের হলরুমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর সাথে মতবিনিময়কালে ড. আতিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর চেয়ে শিক্ষকদের দক্ষ হওয়া বেশি জরুরি। শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি অর্থনীতি পরিবর্তনের জন্য শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষা অর্থনীতিকে পরিবর্তন করে দেয়। ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৮ বিলিয়ন ডলার। আর এখন হাফ ট্রিলিয়ন ডলার হয়েছে। ২০৪১ সালের মধ্যে অর্থনীতির আকার হবে এক ট্রিলিয়ন ডলার। এছাড়া আমাদের সংকটে কৃষিই ভরসা। কৃষি আনুষ্ঠানিকভাবে ৪০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ করে দেয়। কৃষি আমাদের রক্ষাকবচ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আরিফা রহমান এবং দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াদ মোরশেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক মন্ডলী, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধান এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় শেষে ড. আতিউর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, করোনাকালে বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছিল। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করা হচ্ছে। টাকা পাচার ও ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণে আনা গেলে অর্থনীতি আরও উন্নত হবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights