‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পর বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে জাপান। রাউন্ড অব ৩২-এ ব্লু সামুরাইদের খেলতে হবে ব্রাজিলের বিপক্ষে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারে ভড়কে যেতে চায় না জাপান। বরং জেতার হুঙ্কারই দিয়ে রাখল এশিয়ার দেশটি।

ডালাস স্টেডিয়ামে শুক্রবার ভোরে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। যার ফলে ‘এফ’ গ্রুপে রানার্স-আপ হয়েছে তারা। আর এতে নিশ্চিত হয়েছে, শেষ ৩২-র ম্যাচে তাদের খেলতে হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় শেষ ১৬তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ওই ম্যাচের আগে নিজ দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস থাকার কথাই বললেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।

গত বছরের অক্টোবরে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। টোকিওতে সেই ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ান জায়ান্ট দেশটি। সেই ম্যাচে সুখস্মৃতি এবার বিশ্বকাপেও কাজে লাগানোর লক্ষ্য জাপানের।

কোচ হাজিমে বলেন, “সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। এটি আমাদের জন্য অনেক বড় অগ্রগতি।”

তিনি বলেন, “ব্রাজিল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ম্যাচে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা জানি না, তবে আমাদেরও জেতার সুযোগ থাকবে।”

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম গোল করেছিল জাপানই। তবে মিনিট ছয়েক পর সেই গোল শোধ করে দেয় সুইডেন। তাই শেষ পর্যন্ত গ্রুপে রানার্স-আপ হতে হয় তাদের। তবে এটি নিয়ে তেমন আক্ষেপ নেই মোরিয়াসুর।

বরং এশিয়ান ফুটবলকে এগিয়ে নেওয়ার মিশনে আরও একটু অগ্রগতি করায় খুশি জাপান কোচ।

“আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের জগতে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এটাই (নকআউট পর্বে যাওয়া) করতে চেয়েছিলাম এবং এটি জাপানি ফুটবলের উন্নতির এক প্রমাণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights