আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে রসিকতা করে বোমা হামলার কথা বলায় ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) এক ছাত্রীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলা সালদানা নামের ওই শিক্ষার্থী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে তার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলার অনুরোধ জানিয়েছিলেন।

যদিও ওই শিক্ষার্থী দাবি করেছেন এটি নেহাতই একটি রসিকতা ছিল। তবে ফ্লোরিডার কঠোর স্কুল-নিরাপত্তা আইনের আওতায় পুলিশ বিষয়টিকে গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সহপাঠীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে গ্যাব্রিয়েলা লেখেন, নেতানিয়াহু, দয়া করে এফআইইউ-তে বোমা ফেলুন। সামনের সপ্তাহে ফাইনাল পরীক্ষা অথচ আমি মোটেও প্রস্তুত নই। এর পরপরই তিনি আরও একটি বার্তায় লেখেন, ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে বোমা থাকবে এবং এর জন্য জোনাথন নামের এক ব্যক্তি দায়ী থাকবেন।

গ্রুপ চ্যাটের অন্য সদস্যরা এই বার্তা দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার তাকে প্রধান ক্যাম্পাসের কাছ থেকে হেফাজতে নেওয়া হয়।

আদালতে শুনানির সময় বিচারক মিন্ডি গ্লেজার বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেন। তিনি গ্যাব্রিয়েলার উদ্দেশে বলেন, ব্যক্তিগতভাবে এটি তার কাছে কৌতুক মনে হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে বা আইনত এটি একটি সুনির্দিষ্ট হুমকি। যদিও বিচারক এটিও উল্লেখ করেন যে বিচারিক প্রক্রিয়ায় এটি অপরাধ হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে কি না তা সময়সাপেক্ষ, তবে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রেফতারের যথেষ্ট কারণ রয়েছে।

বর্তমানে ৫ হাজার ডলার মুচলেকার বিনিময়ে গ্যাব্রিয়েলার জামিন নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে যেকোনো ধরনের আপত্তিকর মন্তব্য বা উসকানি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সূত্র: আইবিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights