‘আমি শিল্পী, ভিখারি নই যে কাজ চাইতে হবে’

অনলাইন ডেস্ক

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন ভারতীয় অভিনেতা টোটা রায়চৌধুরী। সেখানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া, বলিউডে নিজের জায়গা তৈরি এবং ব্যক্তিগত নীতির বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। একই সঙ্গে ইন্ডাস্ট্রির প্রতি নিজের দীর্ঘদিনের অভিমানও প্রকাশ করেন এই অভিনেতা।

টোটা বলেন, তিন দশকেরও বেশি সময় অভিনয়জীবনে কাটালেও একসময় টানা সাত বছর তেমন কোনো কাজ পাননি। তাঁর ভাষায়, হঠাৎ করেই অনেকের মনে হয়েছিল তিনি অভিনয় করতে জানেন না।

অভিনেতার দাবি, বলিউডে কাজ করার পরই যেন নতুন করে তাঁর অভিনয় দক্ষতার মূল্যায়ন শুরু হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৮০০ কিলোমিটার দূর থেকে সাড়ে চার মিনিটের একটি অডিশন দেখে করণ জোহর আমাকে নির্বাচন করলেন। অথচ ৩০ বছরের বেশি সময় এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও অনেকের মনে হয়নি, আমাকে দিয়ে অভিনয় করানো যায়।’

ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য ব্যক্তিগত যোগাযোগ বা প্রচারণার সংস্কৃতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন টোটা। তিনি বলেন, ‘আমি পিআর করতে পারি না, আর সেটা করতে ভালোও লাগে না। আমি শিল্পী, ভিখারি নই যে কাজ চাইতে হবে। আর কাজ করব হয়তো আরও ১০-১২ বছর। এই কয়েকটা বছর কারও কাছে কাজের জন্য হাত পাততে চাই না।’

বর্তমান সময়কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় বলেও উল্লেখ করেন টোটা। তাঁর মতে, ২০২০ সালের পর থেকে অভিনয়জীবনে নতুন মোড় আসে।‘ফেলুদা’, ‘শ্রীময়ী’ এবং পরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

সাক্ষাৎকারে জিতের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। জানান, বহু বছর আগে একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও এবার বড় বাজেটের সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ এ প্রথমবারের মতো জিতের সঙ্গে পর্দা ভাগ করছেন। ছবিতে তাঁকে পুলিশ ইন্সপেক্টর দুর্গা রায়ের চরিত্রে দেখা যাবে।

এ ছাড়া নৈশ পার্টি বা প্রিমিয়ারে অনুপস্থিত থাকার কারণও ব্যাখ্যা করেন টোটা। তাঁর ভাষায়, ক্যামেরার অতিরিক্ত উপস্থিতি এবং গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে থাকা তাঁর স্বভাবের সঙ্গে যায় না। বরং তিনি নিয়মতান্ত্রিক জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়েও কথা বলেন এই অভিনেতা। জানান, অভিনয় পুরোপুরি ছাড়বেন না, তবে সময়ের বড় একটি অংশ যোগচর্চা ও আধ্যাত্মিক অধ্যয়নে ব্যয় করতে চান।

রাজনীতি প্রসঙ্গে টোটা বলেন, তিনি নিজেকে সম্পূর্ণ অরাজনৈতিক মনে করেন। তাঁর মতে, একজন শিল্পীর কাজ সব মতাদর্শের মানুষের কাছে পৌঁছানো। তাই কোনো রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেকে প্রকাশ্যে যুক্ত করতে চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights