আমিরাতে নতুন লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্র নির্মাণ, দৈনিক সক্ষমতা ৬০ মিলিয়ন গ্যালন

অনলাইন ডেস্ক
পানি সরবরাহ জোরদার ও দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আধুনিক লবণমুক্ত পানি (ডেসালিনেশন) কেন্দ্র নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। রিভার্স অসমোসিস প্রযুক্তিনির্ভর এই প্ল্যান্টটির দৈনিক উৎপাদন সক্ষমতা হবে ৬০ মিলিয়ন গ্যালন।

দেশটির উত্তরাঞ্চলীয় আমিরাতগুলোতে বিশুদ্ধ পানির সরবরাহ বাড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নে ইতিহাদ ওয়াটার অ্যান্ড ইলেক্ট্রিসিটি, এনএমডিসি ইনফ্রা এবং লান্টানিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার এ চুক্তি সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অত্যাধুনিক রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য করা হবে। এতে একদিকে যেমন জ্বালানি খরচ কমবে, অন্যদিকে পরিবেশগত প্রভাবও তুলনামূলকভাবে কম থাকবে।

বিশেষজ্ঞদের মতে, মরুপ্রধান দেশ হিসেবে আমিরাতের জন্য টেকসই পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে পানির চাহিদা বাড়তে থাকায় এ ধরনের বৃহৎ প্রকল্প ভবিষ্যতে দেশের পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা আমিরাতের পানি নিরাপত্তা জোরদার এবং শিল্প ও নগর উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights