আমিরাতে পরিস্থিতি স্বাভাবিক, প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দূতাবাসের

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের জন্য আতঙ্কিত না হওয়ার আহ্বান দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আজ মঙ্গলবার রাত ৯টায় আবুধাবি থেকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দূতাবাসের মিশন ডেপুটি প্রধান শাহনাজ রানু প্রবাসীদের আশ্বস্ত করেন। লাইভে তিনি দেখান যে আবুধাবির রাতের দৃশ্য সম্পূর্ণ স্বাভাবিক এবং সাধারণ জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য চলমান।

শাহনাজ রানু বলেন, ‘দেশের কিছু সংবাদমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রচার করা হয়, যা প্রবাসী ও তাদের পরিবারকে উদ্বেগে রাখছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল এবং স্বাভাবিক।’

তিনি সবাইকে অনুরোধ করেন গুজবে কান না দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করতে।

তিনি আরও জানান, আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে এবং প্রয়োজনের সময় দূতাবাস সবসময় পাশে থাকবে। প্রবাসীদের শান্ত থাকার এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে অফিসিয়াল বার্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন তিনি।

দূতাবাসের লাইভ সম্প্রচারে দেখা যায়, আবুধাবির রাতের দৃশ্য স্বাভাবিক, সড়ক-চলাচল ও ব্যবসা-বাণিজ্য সচল, এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় সাধারণ জনগণের জন্য কোনো ভয়ের কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights