আমিরাতের ২ তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর মাঝেই ঘটল আরেক ভয়াবহ ঘটনা। ওমান জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মোম্বাসা’নামের একটি জাহাজে এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

হামলার কারণে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। তবে বর্তমানে দুই জাহাজের আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই হামলাকে‘নির্লজ্জ’বলে উল্লেখ করেছে আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। নিজেদের এলাকা, জনগণ ও বাসিন্দাদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার আমিরাতের রয়েছে। তারা এই হামলার কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে, এই হামলার পর পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর জেরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট বুধবার পর্যন্ত তাদের সব ধরনের পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছে। মার্কিন মিশন জানিয়েছে, আগামী দুই দিন যাদের সাক্ষাৎকারের তারিখ ছিল, তাদের আপাতত দূতাবাস বা কনস্যুলেটে আসতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরের ওপর নতুন করে নৌ-অবরোধ দিয়েছেন। এর মধ্যেই আমিরাতের জাহাজে ইরানের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights