আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

অনলাইন ডেস্ক
পর্যটন ভিসার আওতা সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও চার দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পর্যটন, ধর্মীয় কার্যক্রম, বিনোদন ও ব্যবসায়িক বিভিন্ন আয়োজনে অংশ নিতে তাঁদের সৌদি আরব যাতায়াত আরও সহজ হবে। খবর গালফ নিউজের।

বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে অন্তর্ভুক্ত চারটি দেশের নাম প্রকাশ করে। দেশগুলো হলো মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা ও বিধিবিধান পূরণ সাপেক্ষে এসব দেশের নাগরিকরা সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার আওতায় একাধিক উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার সুযোগ থাকবে।

পর্যটন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়া, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে যোগ দেওয়া এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ভ্রমণকারীরা।

অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত চার দেশের যোগ্য নাগরিকদের জন্য তিন ধরনের ভিসার সুযোগ থাকছে। এগুলো হলো—ই-ভিসা, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।

তবে প্রতিটি ভিসার ক্ষেত্রেই আলাদা যোগ্যতা, শর্ত ও বিধিবিধান অনুসরণ করতে হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির নির্ধারিত নিয়ম পূরণ করতে হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ বাড়ানো এবং দেশটিতে যাতায়াত সহজ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটনের পাশাপাশি ধর্মীয় সফর ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights