আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।

বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একইসঙ্গে চার খুনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরাসা প্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আরাসা প্রধানকে আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালতের আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো. গোলাম জিলানী।

জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।

গত ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights