আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ-সালমান

অনলাইন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান বলিউডে পা রাখতে যাচ্ছেন। তবে বাবার মতো ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা নেই আরিয়ান খানের। নিজের ক্যারিয়ার গড়তে চান পরিচালক হিসেবে। সিনেমা বানানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান।

পরিকল্পনা অনুযায়ী, পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান খান। এর আগে বিজ্ঞাপনও নির্মাণ করেছেন। এখন নির্মাণ করছেন ওয়েব সিরিজ; যার নাম ‘স্টারডম’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোনা সিং। ছেলের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এবার জানা গেল, আরিয়ানের নির্দেশনায় সিরিজটিতে অভিনয় করলেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম বলছে, ‘আরিয়ান খানের ওয়েব সিরিজের একটি এপিসোডে দেখা যাবে সালমান খানকে। এরই মধ্যে সালমান খান তার অংশের শুটিং শেষ করেছেন। তবে শাহরুখ-সালমানকে সম্ভবত একসঙ্গে কোনো এপিসোডে দেখা যাবে না। আরিয়ানের সিরিজে দুই তারকার উপস্থিতির খবর পেয়ে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা।’
সালমান খানকে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘স্টারডম ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য যখন সালমান খানকে প্রস্তাব দেওয়া হয়, তখন দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করেননি তিনি। শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে সালমানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাই আরিয়ানকে ‘হ্যাঁ’ বলতে সময় ব্যয় করেননি সালমান।’

‘স্টারডম’ ওয়েব সিরিজে একঝাঁক তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এর আগে, শোনা গিয়েছিল আরিয়ান পরিচালিত ওই সিরিজের প্রত্যেক পর্বে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতারা কাজ করবেন। সে তালিকায় রয়েছে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর ও ববি দেওলের নাম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সালমান খানের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights