আর্জেটাইন গোলরক্ষক মার্তিনেসকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, সুইজারল্যান্ড ম্যাচের আগে সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আলবিসেলেস্তে শিবিরে এক অদ্ভুত রোমাঞ্চ ও সতর্কতার বার্তা নিয়ে হাজির হয়েছেন এক ক্রীড়া জ্যোতিষী। শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর আর্জেন্টিনা যখন সেমিফাইনালে ওঠার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই দলটির তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘ডিবু’ মার্তিনেসকে নিয়ে করা একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে মিসরের বিপক্ষে একপর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষ ১৫ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেসের অবিশ্বাস্য কামব্যাকে ৩-২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। নাটকীয় এই জয়ের পর নিজের পারফরম্যান্স নিয়ে বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ডিবু মার্তিনেস। তিনি গণমাধ্যমের কাছে স্বীকার করেন যে, ম্যাচে দলকে সেভাবে সাহায্য করতে না পারার এক অদ্ভুত হতাশা তাকে গ্রাস করেছিল। তবে একইসঙ্গে আত্মবিশ্বাসী এই গোলরক্ষক জানান, সামনেই তার আসল সময় আসতে চলেছে।

ডিবুর এই কথার রেশ ধরেই ‘ফুটবল কন অ্যাস্ট্রোস’ নামক এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে জ্যোতিষী গুইদো তেজাত আর্জেন্টিনার আগামী ম্যাচ নিয়ে এক বার্তা দিয়েছেন। প্রাচীন দার্শনিক সেনেকার উক্তি টেনে তিনি বলেন, আগুন যেমন সোনা পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা পরীক্ষা করে শক্তিশালী মানুষদের। আগামী শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কেবল ফুটবলীয় দক্ষতার লড়াই হবে না, বরং এর চেয়েও বেশি কিছুর প্রয়োজন হবে কারণ গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে ম্যাচটি অত্যন্ত কঠিন হতে চলেছে।

তবে আর্জেন্টাইন সমর্থকদের আশ্বস্ত করে এই জ্যোতিষী দাবি করেছেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই টাইব্রেকার লড়াইয়ের মতো পরিস্থিতি এবারও তৈরি হতে পারে, যেখানে ডিবু মার্তিনেস আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হবেন। তিনি সমর্থকদের অনুরোধ করেছেন যেন তারা আগামী কয়েক দিন ডিবুকে একজন বিজয়ী ও হাসিখুশি নায়ক হিসেবে কল্পনা করেন, যিনি পুরো দেশের স্বপ্ন নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন।

আগামী শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার মহালড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা, আর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিবুর আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স দেখার জন্য।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights