আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

অনলাইন ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই বড় ঘোষণা দিল কেপ ভার্দে। দলের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসের ভাষায়, ম্যাচের ফল যাই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। প্রথমবার বিশ্বকাপে খেলেই দেশের মানুষের স্বপ্ন পূরণ এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় তুলে ধরাকেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী দলটি। শক্তির ব্যবধানে অনেক পিছিয়ে থাকলেও কোনো ভয় নয়, বরং নিজেদের স্বাভাবিক ও আক্রমণাত্মক ফুটবল খেলেই লিওনেল মেসিদের চ্যালেঞ্জ জানাতে চায় আফ্রিকার দেশটি। সেই বার্তাই দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট ।

শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছে দলটি।

সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জোসে মারিয়া নেভেস বলেন, আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি।

তিনি আরও বলেন, পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই আসল লক্ষ্য। এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া।

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজনহারও প্রশংসা করেন তিনি। জোসে মারিয়া নেভেস বলেন, আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এই সাফল্য কেবল ফুটবলে নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেয় কেপ ভার্দে। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া দলটি। এবার আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ভোজিনহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights