আর্থিক ক্ষতি পোষাতে জরিমানা মওকুফ করা উচিত
ফজলুল হক, প্রশাসক, এফবিসিসিআই
একটি গ্রুপ থেকে একাধিক গ্রুপ সৃষ্টি হতে পারে। এদের মালিকানা ভিন্ন হতে পারে।
একেক গ্রুপের পরিচালকও ভিন্ন হতে পারে। সংখ্যা কমবেশি হতে পারে। কোনো গ্রুপের তিনজন পরিচালক, আবার আরেক গ্রুপের পরিচালকও তিনজন। আবার এদের একজন অন্য গ্রুপে কমনও থাকতে পারে।
এ রকম কমন হওয়ার কারণে দেখা যায়, আগের আইনে বলা ছিল, পুরো গ্রুপই ডিফল্ট হয়ে যাবে। পুরো গ্রুপকেই বন্ধ করে রাখা হবে। ঋণ আদায় যেমন আমাদের লক্ষ্য থাকা দরকার, পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ না হয়, সেটিও দেখা দরকার। আইনের মারপ্যাঁচে যাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও খেয়াল রাখা দরকার।
আনফরচুনেটলি অন্তর্বর্তী সরকার আমার দৃষ্টিতে কোনো সমস্যাই তারা ভালো দৃষ্টিতে দেখেনি। যার ফলে বর্তমান সরকারকে সমস্যাগুলো মোকাবেলা করতে হচ্ছে। গত ছয় মাসেই এইসব ঝামেলা পোহাতে হয়েছে। এই সরকার অন্তর্বর্তী সরকারের ‘সিঙ্গল বরোয়ার এক্সপোজার’ নীতির কারণে একই নাম থাকায় ভিন্ন ভিন্ন গ্রুপকে এক গ্রুপভুক্ত করে সবগুলোকে একক সত্তা ঘোষণার ফলে যে ক্ষতি হয়েছে, তা রোধ করতে ওই নির্দেশনাটি রহিত করেছে, এটা ভালো দিক। কিন্তু এর ফলে যে ক্ষতি হয়ে গেল, সেটি কিভাবে পোষানো যায়, তাদের কোনোভাবে ছাড় দেওয়া যায় কি না, সেটি বিবেচনা করা উচিত।
তাদের বিভিন্ন ধরনের জরিমানা হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে—এটা দেখা দরকার। সরকার তো বিভিন্ন বন্ধ কারখানা চালুর স্কিম নিয়েছে। সরকার কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক গতিশীলতার কথা মাথায় রেখে, বিভিন্ন নিয়ম-কানুনের বেড়াজালে পড়ে যে বিভিন্ন রকম জরিমানা ও আর্থিক ক্ষতি হয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের, তাদের একটা পলিসি সাপোর্ট দেওয়া দরকার।
পলিসি সার্পোটটি হতে পারে প্রথমত, যে গ্রুপের জরিমানা হয়েছে, তা মওকুফ হতে পারে। কতটুকু হবে না হবে, সেটি পর্যালোচনা করে ঠিক করার বিষয় রয়েছে। তারা ব্যবসা-বাণিজ্য আরো ভালোভাবে কিভাবে চালাতে পারে, সেটি কেস টু কেস বিশ্লেষণ করে ঠিক করা যেতে পারে। এটি আরো আলোচনা করে ঠিক করা। তবে নীতিগত জায়গাটি হলো, তাদের সাপোর্ট দিতে হবে। কারণ অর্থনীতি বেগবান করা দরকার এই মুহূর্তে। আমরা একটি কঠিন সময় পার করছি। এই সময়ে ব্যবসাপ্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়, সেটি দেখতে হবে। এরই মধ্যে সরকার বন্ধ কারখানা চালুর ভালো উদ্যোগ নিয়েছে। সেই আলোকেই এই যে কারখানাগুলো যারা শুরু করতে গিয়েও শুরু করতে পারেনি, নানা কারণে আটকা পড়ে আছে, তাদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
