আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

অনলাইন ডেস্ক

বিরতির পর গতি বাড়ায় বায়ার্ন মিউনিখ। গতিময় আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে আর্সেনালকে। এবার জবাব দিতে পারেনি মৌসুমের শেষ সময়ে এসে ছন্দ হারিয়ে ফেলা মিকেল আর্তেতার দল। জশুয়া কিমিখের চমৎকার গোলে তাদের বিদায় করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল। কিমিখের গোলে ৩-২ অগ্রগামিতায় ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকল সাবেক চ্যাম্পিয়নরা।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য থাকল আর্সেনাল। বায়ার্নের বিপক্ষে ড্রয়ের পর গত রোববার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারে তারা।

একটু ধীমেতালে শুরু হওয়া ম্যাচে দুই দলই ছিল সাবধানী। আগে রক্ষণ সামালানো পরে গোলের চেষ্টা- নিয়েছিল এই কৌশল। কোনো দলই ছিল না খুব একটা গতিময়। আক্রমণে উঠছিল একটু সময় নিয়ে। সেগুলো সহজেই সামাল দিচ্ছিল প্রতিপক্ষের রক্ষণ।

সে কারণেই হয়তো ২৪তম মিনিটে দূরপাল্লার আচমকা শটে গোলের চেষ্টা করেন জামাল মুসিয়ালা। সেটা ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। লক্ষ্যে এটাই ছিল প্রথম শট।

পাঁচ মিনিট পর মার্টিন ওদেগোরের শট একজনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট ঘেঁষে একটু বাড়তি বাউন্স করে জালে যাচ্ছিল। তবে সতর্ক মানুয়েল নয়ার ভালোভাবেই সামাল দেন পরিস্থিতি। লক্ষ্যে এটাই আর্সেনালের প্রথম শট।

৩১তম মিনিটে ওদেগোরের পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়ে সরাসরি নয়ার বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যাচ্ছিল বায়ার্ন। ৪৭তম মিনিটে লেয়ন গোরেটস্কার জোরাল হেড ফেরে ক্রসবারে লেগে। ফিরতি বলে রাফায়েল গেরেইরোর শট ব্যর্থ হয় রায়ার হাত ছুঁয়ে পোস্টে লেগে!

আর্সেনালকে বেশ চাপে রাখা বায়ার্ন এগিয়ে যায় ৬৪তম মিনিটে। লেরয় সানের শট মাথার উপর থেকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রায়া। ঠিক মতো পারেননি আর্সেনাল গোলরক্ষক। ছুটে গিয়ে বল ধরে একটু সময় নিয়ে দূরের পোস্টে ক্রস করেন গেরেইরো। দারুণ গতিতে গাব্রিয়েল মার্তিনেল্লিকে এড়িয়ে জোরাল হেডে জাল খুঁজে নেন কিমিখ।

৮৭তম মিনিটে কাছ পোস্ট ঘেঁষে ওদেগোরের চমৎকার শট নয়ারের হাত ছুঁয়ে বাইরে চলে যায়। তবে কর্নার দেননি রেফারি! বাকি সময়ে গোলের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights