আলাভেসের কাছে হেরে স্বপ্ন ভাঙল বার্সেলোনার

অনলাইন ডেস্ক
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। সেই আনন্দ নিয়েই মাঠে নেমেছিল হান্সি ফ্লিকের দল। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ ডেপোর্তিভো আলাভেজ তাদের ‘গার্ড অব অনার’ দিয়েও সম্মান জানায়। কিন্তু মাঠের খেলায় নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি হ্যান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত আলাভেসের কাছে ১-০ গোলে হেরে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার স্বপ্নও ভেঙে গেল বার্সেলোনার।

বুধবার রাতে আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম থেকেই কিছুটা ছন্দহীন ছিল কাতালানরা। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি তারা। পুরো ম্যাচে অবিশ্বাস্যভাবে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি বার্সা।

প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি। অন্যদিকে, সুযোগ কম পেয়েও কার্যকর ফুটবল খেলেছে আলাভেস।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বার্সার জালে বল পাঠান তিনি। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

লিগে টানা ১১ ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম পরাজয়। কয়েকদিন আগেই এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করেছে তারা।

এই হারে ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৯১। ফলে ১০০ পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ।

অন্যদিকে, আলাভেসের জন্য জয়টি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসে ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে দলটি। তাদের নিচের চারটি দলের পয়েন্ট ৩৯ করে, ফলে টিকে থাকার লড়াইয়ে এই জয় বড় স্বস্তি এনে দিয়েছে আলাভেস শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights