আলিয়া-ক্যাটরিনাকে যেভাবে টেক্কা দিলেন কিয়ারা

অনলাইন ডেস্ক

বিয়ে তো নয়, যেন মহাযজ্ঞ! এখনও দম ফেলার ফুরসত নেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। জয়সালমেরে গাঁটছড়া বেঁধে এরই মধ্যে দিল্লি চলে এসেছেন এই নতুন দম্পতি। কিন্তু কেন? জানা গেল, রিসেপশনের পার্টি ছিল বৃহস্পতিবার। হাতে চুড়ো, গলায় মঙ্গলসূত্রের সঙ্গে সাধারণ পোশাকে নববধূ কিয়ারা। পাশে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী সিদ্ধার্থ। তার পরনেও টিশার্ট। গাড়ি থেকে নেমে বিমানবন্দরে ঢুকে যেতে দেখা গেল তাদের। আলোকচিত্রীরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। কিন্তু ক্যামেরায় পোজ দেওয়ার সময় কী আছে নবদম্পতির! মঙ্গলবার সূর্যগড় প্রাসাদে জমকালো পোশাকে সাত পাকে ঘুরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। দেশবাসীর প্রতীক্ষা ছিল তাদের বিয়ের ছবি দেখার।

প্রথম ছবি প্রকাশ্যে আসতেই রাত হয়ে যায়। তবু নিমেষে লাখ লাখ লাইক, শেয়ার। সেদিন রাতেই স্পষ্ট হয়ে যায়, বলিউডের নতুন ক্ষমতাধর জুটি সিদ্ধার্থ-কিয়ারাই। বিয়ের আগে থেকেই তারা চর্চার কেন্দ্রে। বিয়ে শুরু থেকে শেষের পথে অনুরাগীর সংখ্যা তাদের বেড়েই চলে।

এর আগে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়েও উন্মাদনা দেখা গিয়েছিল বলিউডে। তাদের প্রথম ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ১ কোটি ৩৯ লাখ ৯ হাজার মানুষ। সেদিক থেকে সিদ্ধার্থ-কিয়ারা এগিয়ে। তাদের প্রথম ছবি সমাজমাধ্যমে আসতেই ১ কোটি ৩৪ লাখ ৮ হাজার মানুষ একসঙ্গে হৃদয় এঁকে দিলেন। তার আগের বছর ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতেও এর চেয়ে কম উল্লাস দেখা গিয়েছিল সাধারণের। ‘ভিক্যাট’-এর প্রথম ছবিতে প্রতিক্রিয়া এসেছিল ১ কোটি ২৫ লাখ অনুরাগীর। যেন বিয়ে দিয়েই নিজেদের জোট এবং আধিপত্য প্রতিষ্ঠা করলেন নবদম্পতি সিদ্ধার্থ-কিয়ারা। বলিউডে তাদের ঘিরে উচ্ছ্বাস ঊর্ধ্বমুখী।
মনীশ মালহোত্রার বানানো গোলাপী লেহেঙ্গায় ফুলের মতো স্নিগ্ধ সেজেছিলেন কিয়ারা। সঙ্গে বড় বড় পান্নার কাজ করা হিরের ভারী নেকলেস। বিয়ের দিন সিদ্ধার্থ ছিলেন আইভরি শেরওয়ানিতে। সেই সাজের পর একেবারে ঘরোয়া পোশাকে দেখা গেল দম্পতিকে। রিসেপশন পার্টির কোনও ছবি অবশ্য প্রকাশ্যে আসেনি। তবে পোশাক বদলেছিলেন পর পরই। গলায় মঙ্গলসূত্র, লাল সালোয়ার কামিজেও কিয়ারাকে দেখে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। পাশে সিদ্ধার্থও রং মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন। গলায় ছিল হাতের কাজ করা রঙিন ওড়না। সেভাবেই শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন তারা।

প্রেম থেকে শুরু করে বিয়ে— সবটাই গোপন রেখেছিলেন ‘শেরশাহ’ জুটি। রিসেপশনও হল একেবারে চেনা গণ্ডিতে। শুধুমাত্র বলিউড সতীর্থরাই ছিলেন সেখানে। তবে সিড-কিয়ারার একটি মুহূর্তও নজর এড়ানোর উপায় নেই। এই ক’দিনে সবার মন জয় করে নিয়েছেন নবদম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights