আশুলিয়ায় ট্রিপল মার্ডার; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভার প্রতিনিধি
আশুলিয়ার জামগড়ায় আলোচিত ‘ট্রিপল মার্ডার’ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্পূর্ণ ক্লুলেস হিসেবে দেখা দেওয়া এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করেছে সংস্থাটি। পিবিআইয়ের প্রাথমিক অনুসন্ধানে পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাপ্পী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এসআই আনিসুর রহমান বাপ্পী বলেন, ঘটনার পরপরই পিবিআই ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আলামতও উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড়পুকুরিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন (৩৯), তাঁর স্বামী আলমগীর কবির (৪৫) এবং তাঁদের এক শিশু। নাজমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী আলমগীর পান-সিগারেট বিক্রি করতেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে জামগড়ার হযরত আলীর বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত নাজমার বোন শাপলা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৩০।

পিবিআইয়ের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে কারখানা ছুটির পর নাজমা খাতুন ও তাঁর স্বামী আলমগীর কবির বাসায় ফেরেন। পরে আলমগীরের ডাকে অভিযুক্ত ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। সেখানে কথাকাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তিনজনকে হত্যা করে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, আশুলিয়ার আলোচিত ট্রিপল মার্ডারের প্রাথমিক অনুসন্ধানে পরকীয়াসংক্রান্ত বিষয়ের ইঙ্গিত পাওয়া গেছে। নিহত আলমগীর ওই ব্যক্তিকে মারধর ও সতর্ক করার জন্য ডেকে এনেছিলেন বলে জানা গেছে। পরে কথাকাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তিনজনকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights