আসছে আরও বৃষ্টি? যা বলল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

সারা দেশে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ঘনীভূত গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, যা রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত দুই দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আকাশ ঢাকা কালো মেঘে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে ২৮৫ মিলিমিটার।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়াতেই এই বৃষ্টির শুরু।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে নিম্নচাপটি টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে মেঘের ঘনঘটা রয়েছে, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বৃষ্টির মাত্রা কমবেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আটটি বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

রবিবার পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকবে। এরপর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

মৌসুমি বায়ুর প্রভাবও যোগ হওয়ায় আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights