আসামি ধরতে গিয়ে দগ্ধ এসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান পরিচালনা হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যান এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে উপরে তোলেন। কিন্তু তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়।

এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টায় মারা যান তিনি।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights