ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ পেলেন পেসার হাসান মাহমুদ। কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ২৬ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, এই অর্জন তার জন্য স্বপ্নপূরণের সমান।

কেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। শুধু আমার নয়, বাংলাদেশের জন্যও এটি গর্বের মুহূর্ত।’

তিনি আরও জানান, দলের সাফল্যে অবদান রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের কোচিং স্টাফ অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে তার ভূমিকা ও পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসান বলেন, ‘কেন্টের হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবের সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে দেখতে চাই। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। এর মধ্যে জুনে দুটি এবং মৌসুমের শেষ দিকে সেপ্টেম্বরে চারটি ম্যাচে তাকে দেখা যাবে।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচে অংশ নেন তিনি। তবে সেই ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights