ইংল্যান্ডের শীর্ষ ধনী ক্লাবের পথে আর্সেনাল

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডের সর্বোচ্চ আয়ের ক্লাব হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ—দুই প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে থাকা এমিরেটসের দলটি আর্থিক আয়ের দিক থেকে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।

মিকেল আরতেতার অধীনে ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচ বাকি থাকতেই গানাররা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে। পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে গানাররা।

ইউরোপীয় মঞ্চে আর্সেনালের এই যাত্রা ক্লাবটির জন্য বিশেষভাবে লাভজনক হয়েছে। লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাব। ৩০ মে বুদাপেস্টে ফরাসি জায়ান্ট পিএসজির মুখোমুখি হবে তারা। এই সাফল্য কেবল ইউরোপে ক্লাবের মর্যাদাই বাড়ায়নি, বরং রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবং বাণিজ্যিক প্রচারও নিশ্চিত করেছে।

স্কাই স্পোর্টসের তথ্যমতে, আর্সেনাল ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে প্রায় ১২২ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি নিশ্চিত করেছে। আর পিএসজিকে হারিয়ে শিরোপা জিতলে এই অংক আরও বাড়বে। চলতি বছরের শুরুতে প্রকাশিত ‘ডেলোয়েট ফুটবল মানি লিগ’ র‍্যাঙ্কিংয়ে লিভারপুল শীর্ষে থাকলেও আর্সেনালের বর্তমান ফর্ম এবং বাণিজ্যিক আয় আগামী বছরের হিসেবে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।

গত দুই মৌসুমে আর্সেনালের ভেতরকার পরিবেশ নাটকীয়ভাবে বদলে গেছে। এমিরেটস স্টেডিয়ামের প্রতিটি ম্যাচের টিকিট এখন নিয়মিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। বেড়েছে বাণিজ্যিক অংশীদারিত্ব এবং ম্যাচ-ডে রাজস্ব। ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় ফেরায় টেলিভিশন সম্প্রচার থেকেও আয় কয়েকগুণ বেড়েছে। ক্লাবের সর্বশেষ প্রকাশিত হিসাব অনুযায়ী, তাদের আয় ছিল ৬৯১ মিলিয়ন পাউন্ড, যা এবার আরও বড় রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই আর্থিক উন্নতি আসন্ন গ্রীষ্মকালীন দলবদল বাজারেও আর্সেনালকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। স্কাই স্পোর্টস জানিয়েছে, নতুন বড় তারকা সাইনিং এবং কিছু খেলোয়াড় বিক্রির পরিকল্পনার মাঝেও ক্লাবটির আর্থিক ভিত এখন অত্যন্ত মজবুত। যদি তারা এ মাসে বড় কোনো শিরোপা জিততে পারে, তবে উত্তর লন্ডনের ইসলিংটনে বড় ধরনের ‘ট্রফি প্যারেড’-এর প্রস্তুতিও নিয়ে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights