ইউক্রেনে হামলার পরিকল্পনা ছিল ইরানের, কিয়েভ ‘ক্ষমা চাওয়ায়’ বাতিল!
অনলাইন ডেস্ক
ইউক্রেনের তিন স্থানে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তার দাবি, কিয়েভ ক্ষমা চাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর পরিকল্পিত অভিযান বাতিল করা হয়।
এর আগে, গত ২৫ জুলাই ইরান অভিযোগ করেছিল, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন নাবিক নিহত হন বলে তেহরানের দাবি। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে টেলিফোনে কথা বলে ওই হামলার ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
কাস্পিয়ান সাগরের এ আক্রমণকে ইরানের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছিল ক্রেমলিন। ক্রেমলিনের মতে, এই ঘটনাটি দেখিয়ে দেয় ইউক্রেন থেকে আসা হুমকি নির্মূল করা কতটা জরুরি। বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অনিচ্ছাকৃত’ বলে ইউক্রেনের দাবি গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় কিয়েভকে স্পষ্টভাবে দায় স্বীকার করতে হবে।
তিনি কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার বিষয়টি ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে এই ঘটনাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।
