ইউপি চেয়ারম্যানকে অপসারণ দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
নারী নেতৃত্ব বিরোধী বক্তব্য দেয়ায় বাগেরহাটে মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছেন কয়েক হাজার নারী। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন মোংলা উপজেলা নারী সমাজ। এ সময় মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নারী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার হাই, পৌর কাউন্সিলর জাহানারা চানু, শিউলি বেগম, জোহরা বেগম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রাহিলা খানম বেবি ও পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী রোজনীন অন্তরা।
