ইজারা হয়নি অনেক হাটের

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে এবার রাজধানীতে বসছে ১৮ পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাতটি এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) গাবতলীহাটসহ ১১টি পশুর হাট বসবে। যদিও গতকাল পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন ৮টি হাটের কার্যাদেশ দিতে পারেনি। তার পরও হাটগুলোর প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন অপেক্ষা শুধু ক্রেতাদের।

প্রস্তুত হাটে আসছে পশু : সরেজমিনে দেখা যায়, উত্তর শাহজাহানপুর হাট, দনিয়া, সাদেক হোসেন খোকা মাঠের পার্শ্ববর্তী হাট, উত্তরা দিয়াবাড়ী, কালশী মাঠ, খিলক্ষেত মস্তুল হাটের বাঁশ-খুঁটি লাগানো শেষ। হাসিল ঘরও প্রস্তুত। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওয়াচ টাওয়ার, ব্যাংকিং বুথের জায়গা প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি থাকায় হাটগুলোতে টানানো হচ্ছে ত্রিপল। ফেলা হচ্ছে বালু। প্রস্তুতি শেষ হওয়ায় এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে হাটগুলোতে আসতে শুরু করেছে পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসে হাটের পাশে অবস্থান নিয়েছেন বেপারিরা।

ডিএসসিসি সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। ইতোমধ্যে মেরাদিয়া ও আফতাবনগর হাটটি হাই কোর্টের আদেশে বাতিল হয়। বাকি ৯টি হাটের মধ্যে প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট চূড়ান্ত হয়। দ্বিতীয় দফায় চারটি ইজারায় যাচাইবাছাই নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি। গত বুধবার সচিবালয়ে বসে করপোরেশনের কর্মকর্তারা যাচাইবাছাই করে আরেকটি হাট চূড়ান্ত করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, দক্ষিণ সিটি এলাকার জন্য ১১টি হাট ইজারা দেওয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তবে আফতাবনগর ও মেরাদিয়া হাট স্থগিত করার কারণে তা কমে ৯টিতে দাঁড়ায়। এর মধ্যে ছয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। তিনটির কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। এর পাশাপাশি সারুলিয়ায় স্থায়ী হাট রয়েছে। ডিএনসিসির দায়িত্বপ্রাপ্তরা জানান, ইতোমধ্যে ডিএনসিসির অস্থায়ী ১০টি হাটের ইজারা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছে ডিএনসিসি। কয়েকটি হাটের কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলোও শনিবারের মধ্যে সম্পন্ন হবে। ডিএনসিসির হাটগুলোর তালিকায় রয়েছে- ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিমপাড়ার খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা এবং কাঁচকুড়া বাজারসংলগ্ন খালি জায়গা। ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম জানান, নতুন আরও দুটি হাটের সঙ্গে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসবে। এ পর্যন্ত দুটি হাটের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাকি হাটগুলোর ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights