ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

অনলাইন ডেস্ক
রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এ দিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights