ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে প্রাবোও সুবিয়ান্তো

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন। বেসরকারি ফলাফলে এই তথ্য দেখা গেছে।

৫০ শতাংশের বেশি ভোট পেলে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন।

পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনী প্রচার-প্রচারণায় সুবিয়ান্তোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো।
সুবিয়ান্তো সপ্তাহান্তের এক নির্বাচনী সমাবেশে তার সমর্থকদের বলেছিলেন, ‘আমরা ইন্দোনেশিয়ার সব মানুষের সমৃদ্ধির জন্য লড়াই করব। আগের প্রেসিডেন্টরা ইতিমধ্যে যা করেছেন, তা আমরা চালিয়ে যাব।’

১৯৯৮ সালে সুহার্তোর একনায়কত্বের অবসানের পর দেশটিতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষের ভোট দেওয়ার কথা।

আজকের নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রেসিডেন্ট হতে সুবিয়ান্তোকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবার ভোট হবে।

ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ লাখের বেশি কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ছয় ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলবে।

বিবিসির খবরে বলা হয়, দেশটির ভোটাররা আজ প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights